সাকিব জামালের কবিতা
বীজতলা
বীজতলা প্রেমে, কৃষকধ্যাণে-
সোনালী স্বপ্ন দেখি ‘সবুজে ডানা’ মেলে!
তুমিও সঙ্গ দাও আমায় বিপ্লবে!
কৃষাণী হও,
স্বপ্নে স্বপ্নে ডুবে রও!
পৃথিবী সমৃদ্ধ হোক-
প্রেম ও ফসলের যুগপথ গানে!
বাটখারা
দুর্জনের বাজারে- সজ্জন ওজনে হালকা!
মর্যাদাবোধের বাটখারা তাই নিজের কাছে রেখো,
মাঝেমাঝে নিজেকে নিজে মেপো।
বিশেষত, ঘুমোতে যাবার পূর্বে-
যখন রাত গভীর হয়, নেমে আসে নিস্তব্ধতা-
সরব করো তখন নিউরন সমস্ত।
নিক্তি নাঁচাও-
দোলে কোন দোলে? দেখো।
ঝুল দুর্জনে হলে বেশি-
পরিশুদ্ধবোধে, সরিয়ে ফেলো-
যতসব ময়লা জমেছিল তোমার সজ্জন মনে।
ওজন বাড়াও নিজের!
প্রতিটি ভোর হোক-
শুভ্রতায় নির্মিত এক নতুন ‘তুমি’ নিয়ে।
চিত্রায়ণ
তারাদের আমরা যেভাবে দেখি-
সেভাবে ছবি আঁকি না!
খাঁজকাটা পঞ্চভুজ কী বিজ্ঞানসম্মত?
নিরুত্তর চিত্রকর!
সময় বয়ে চলে-
সভ্যতাফুলের পাপড়ি অকালে ঝরে,
পূর্ণতা আসে না!
চিত্রভ্রান্তিতে ডুবে থাকে মানুষ।
চিত্রভ্রান্তিতে ডুবে থাকে সমাজ।
তোমার কাছে-
‘বেনীআসহকলা’ সাত রঙ আছে,
মাইক্রোস্কোপিক থেকে টেলিস্কোপিক-
যেমন দেখো, তেমন আঁকো-
ঠিকঠাক বিজ্ঞান মেনে।
মুক্তি আসুক মানবতার- সত্যচিত্র উন্মোচনে।