দালান জাহানের কবিতা

দালান জাহানের কবিতা

কুয়াশায় ভেজা দুঃখ দোকান

প্লাবন জলে ভেসে আসা শামুকের মতোন
অলস পড়ে থাকে আশার ছায়া
নিরাশার ব্যবচ্ছেদে বসে থাকে
চারটি সাদা শেয়াল
ধর্মের মতো তারা জপতে দেয়
চারটি সমুদ্রের নয়ন জোড়া নাম
নীরবতার মাঝি থেকে কিনে আনি
এক টুকরো রঙিন কোলাহল
কোলাহলের ছত্রাক ছাতায় লেগে থাকে দুফোঁটা পুষ্প-পুঙ্গ রোদ
মহুয়া নিশির মাঠ পেরিয়ে প্রতিদিন বাড়ি যায় প্রতিজ্ঞায় ভাসা অতীতের জল
গর্তের মুখ ভেঙে বেরিয়ে আসে নদী
সত্যের মতো রমণী হয় সুন্দর।
কথার সিঁড়ি তলে দুঃখ দোকান
চোখের ভেতর জেগে উঠে চোখ
ভয়ের লাভা নিয়ে সামনে দাঁড়ায়
পৃথিবীর মতো বড়ো সহোদর।
অন্ধকারের নাম থেকে নেমে আসে
কুয়াশার পূর্ব- পুরুষ
আশ্চর্য লাল দুঃখবনে কুয়াশা!-কুয়াশা!
কেবলই কুয়াশায় হারিয়ে যায় জীবন।

দুঃখ বাড়ি যায়

দুঃখ বাড়ি যায় মাগো দুঃখ বাড়ি যায়
অচেনা এই দূর-দুপুরে
আজন্ম এক তৃষ্ণার নদী
কালোমেঘের বৃষ্টি হয়ে ফিরে ফিরে চায়।
দুধে ধুয়া কপাল ফেটে রক্তজবা চুল
তুলে আনে বৃক্ষ শেকড় বেদনা প্রতুল
ওপারে বসে হাঁক ছাড়ে কাশের ছায়া
এ কেমন যাতনার যতন করে হায় হায়
দুঃখ বাড়ি যায় মাগো দুঃখ বাড়ি যায়।
এতো সাঁঝে আকাশ নারী খুলে দিয়ে মুখ
পৃথিবীর মতো বড়ো নিঃশ্বাসে বড়ো করে বুক
মাঝখানে পড়ে থাকে শিল্প বাগান
মাঝি নৌকা ছাড়ে বৈঠা চলে অজানায়
দুঃখ বাড়ি যায় মাগো দুঃখ বাড়ি যায়।