স্বপন নাগের কবিতা
বদলে যাওয়া
এবং এভাবেই ভুল
ছড়াচ্ছে মাটিতে শিকড়ে
বদলে যাচ্ছে আমূল
প্রতিদিন সূর্যওঠা ভোরে
বদল হচ্ছে ক্রমে
অজান্তে একটু একটু করে
রাতশেষে শিশির জমে
শুকোয় রৌদ্র অনাদরে
কোথাও কোথাও জল
উড়ে যায় হাওয়ায় হাওয়ায়
দিনের কপট ছল
রাত্রি এলে শান্ত হয়ে যায়
এই দিন এই রাত
এই নিয়ে জীবনযাপন
এই মন এই হাত
দিয়ে যায় ঝড়ের জ্ঞাপন
ঝড় কিংবা মন্দ হাওয়া
বয়ে যায় সময়তীরে
এসবেই বদলে-যাওয়া
অনিবার্য, একান্ত ধীরে
অপলক চেয়ে থাকি রাত
তোমারই মুখের দিকে
বুকের জ্যা-তে রাখি হাত
ক্রমে তুমি হয়ে যাচ্ছ ফিকে
মন
এক মন চলে অচিনপুরে
এক মন থাকে ঘরে,
এক মন ঘিরে উথালপাথাল
আর এক গুমরে মরে।
মনের অনেক ভাষা—
এক মনে জমে ঘৃণা-বিদ্বেষ
এক মনে ভালোবাসা।
এক মন জুড়ে সন্ধ্যা-সকাল
ঘিরে থাকে অবসাদ,
এক মনে বাজে উদ্ধত ওই
প্রতিকার প্রতিবাদ।
মনের এমন মায়া—
এক মনে পড়ে রোদ ঝলমল
অন্য মনে ছায়া।
মন নিয়ে তুমি মনমরা আজ
কখনো বা আনমনা,
এক মন যেন ছোট্ট শিশুটি
এক মন যেন মা !
মনের এমনই সুর—
এক মন খুব নিকট-আপন
অন্যটি বড় দূর।
বেজে উঠুক সুর
বামে যাই কিংবা দক্ষিণে
সামনে কিংবা পিছনে, যেদিকেই —
আমার পথ আগলে রাখে
রূঢ় গদ্যের মত চাঁড়াল দুপুর !
অদূরে দেখো
স্ফুটনের যন্ত্রণায় একটি সকাল
কবিতার মুখোমুখি হবে বলে
দাঁড়িয়ে আছে চৌকাঠে।
তাকে ডাকো
আমাদের প্রার্থনায় বেজে উঠুক সুর
যেভাবে কথারা একদা
গান হয়ে ওঠে।