অসিকার রহমানের কবিতা
গ্রাম ২০১০ /১
শুধু কি ওদিকে ?
না হে, চতুর্দিকেই মানুষ মরছে
ঘাতকরা বাদ যাচ্ছে কোথায়
ম্যাকবেথও খুন হচ্ছে।
কবির মুন্ডু নিয়ে লোফালুফি
শোনো, বলছি চুপি চুপি
কার্যকারণ বুঝবে তুমি —
সকল গ্রামই এখন বধ্যভূমি !
গ্রাম ২০১০ /২
করতরঙ্গে আসুরিক নগরীয়া রাস্তা
এদিকে নতুনগ্রাম কিংবা বাদুরিয়ায়
হুসেন শাহ রোড এখনও হলো না।
রাজনীতি খুবই সস্তা
কাঁকসা কাঁটারী অথবা কাঁকুটিয়ায় ;
কান্নায় কান্নায় ভেসে যায় নামখানা।
সবদিকই এখন অন্ধকার
ফেরিওলা বেচে ফেলে ঝুড়ি ঝুড়ি
ঢের ঢের ইন্দ্রপুরী
এগুলো সব বাংলার।
অভিমানী তির
অবশেষে পিছন ফেলে অখণ্ড ভীড়
চলে যাবো তোমার কাছে —
জীবন ওখানেই গচ্ছিত আছে
দাসত্ব মুক্ত আজ যাবার লগ্ন হাজির।
অবিনাশী চিরন্তন লীলার বোধনে
শীতল হতে সে তৃষ্ণা মেটাবে,
সময়ের হাত ধরে ক্ষণকাল
ঢুকে যাবে অন্ধকারে
তারপর ঘরে ঘরে প্রতুল আলোয়
রেখে যাবে শুধু এক অভিমানী তির।
আপোসনামা
বেঁচে থাকার অর্থ বিচিত্র সব খেলা
পদ্মপাতায় জল
হালকা ধুলোয় ক্ষণিক ছাপ
যেন কাদা জলে পিছলে যাওয়া
তবু বরফ ভেঙে শীর্ষচূড়ায় হাঁটা…
সেতু টলমল পা টলমল
নীল যমুনায় অশেষ ঢেউ
বিরুদ্ধ জল পেরিয়ে আসে
আলটপকা মরণ-হাওয়া
বেঁচে থাকা যম-মানুষের আপোসনামা
জলের নীচে শৈলপাহাড় কেবল টানে
লটপটে পায় বাঁচার শর্ত জাগে
এই আছি এই নাই এর মাঝে
খণ্ডহাড়ের চলছে লীলা বিস্ফোরণের
মাংসহীনের শরীর থেকে
মাংস খসে পড়ে…