শামীম আহমদের কবিতা
ভাবের সিম্ফোনি
বাউলের ঠোঁট থেকে গান উড়ে যায় …
যেতে যেতে বহুদূরে ঝরে পড়ে সুরের পালক ,
করুণ শব্দরা যেনো বৈকুণ্ঠধামে
দিকচক্রবাল জুড়ে এঁকে যায় নদীর স্বরলিপি ।
তরঙ্গে তরঙ্গে ওঠে লহরি আনন্দ আশ্রমে
গুল্ম শেকড়ে জল সিঞ্চনে
আফিমের চারায় ফোটে গোলাপের কুঁড়ি ;
পূর্ণিমার চাঁদ ডুবে গেলে বাউলের চোখে
কলঙ্কের সাগরে জাগে ভাবের সিম্ফোনি
আমি তন্ময় হয়ে শুনি
ভাবের তরঙ্গে ভেসে যাই ,
বিনিদ্র সাগরের ঢেউ গুনে গুনে
সুরের গুলিস্তানে।