মো. হাকিমের কবিতা
আমার এ শূন্য হৃদয়ে তুমি
যৌবনের প্রথম প্রহরে
ভালবাসারই বেদিতে একগুচ্ছ গোলাপ রেখে
স্বপ্নের-সাগরে ঢেউ তুলে,
তুমি একদিন বলেছিলে-
আমি তোমারই ছিলাম
আছি, এবং থাকব চিরকাল শুধু তোমারই ।
তারপর বিষাদের ঝড় তুলে একদিন
এ হৃদয়টাকে ক্ষত-বিক্ষত করে
তুমি ধীর পায়ে হেটে গেলে-
তুমি এখন, আমার এ শূন্য হৃদয়ে,
মরুর মরীচিকা বৈ তো আর কিছুই নও।
অমানিশার আঁধার এখন আমায় গ্রাস করেছে
বড়ই অমসৃণ এখন আমার এ চলার পথ,
তবুও চলছি এবং
চলতে চলতে কোন একদিন হয়তোবা
পথ হারা কোনএক পথিকের ন্যয়
পৌছে যাব দূর দিগন্তের ঐ ওপারে;
যেখানে শুধুই অজানা এক আলো-আঁধারের হাতছানি।
ব্যর্থতা, হতাশা কিংবা বিজয়ের কোনই অনূভূতি
হয়তোবা তখন
আমার এ হৃদয়ে আর জাগাবে না
কোন শিহরণ,
হয়তোবা বিষন্নতাও থাকবে
আমা হতে অনেক অনেক দূরে এবং
রুদ্ধ হয়ে যাবে আমার হৃদয়ের
অনুভবের সকল চাওয়া-পাওয়া গুলোও।
অতঃপর-
পড়ন্ত বিকেলের কোন এক ধূসর সন্ধ্যায়
নীড় ছেড়ে যাওয়া পাখীরা,
যখন দিবসের একরাশ ক্লান্তি নিয়ে
আবার ফিরে আসবে সেই নীড়ে,
আঁধার যখন গ্রাস করবে
শেষ বিকেলের রক্তিম আভাটুকুও
হয়তোবা তখন ধ্বশে পড়বে আমার
অনুভূতির শেষ বিন্দুটুকুও।
তারপর-
গাঢ় অমানিশার কোন এক রজনীতে
অথবা জ্যোৎস্না স্নাত কোন নির্জন মুহূর্তে
আবারো পল্লবিত হবে আমার এ হৃদয়,
এবং ভালবাসার নৈসর্গিক স্পর্শে
তৃষিত এ হৃদয়ে আবারো হয়তো ফুটবে
ভালবাসার লাল-নীল এবং কাল গোলাপ,
এবং সুরভিত হবে এ মন এবং মনন।