সাদিক আল আমিনের কবিতা

সাদিক আল আমিনের কবিতা

বিলকিস

বসন্ত আসে শীত গড়িয়ে এখানে আবার
ফজর শেষে মৃদু রোদের বুকখোলা দরিয়া
ইতস্তত তুমি ভাঙা কূয়ায়, ব্যস্ততা বাড়ি যাবার
সাক্ষাতের অপেক্ষায় থাকি, কী যে মরিয়া!
শ্বশুর তোমার ছাই দিয়ে আয়রন-কালো দাঁত মাজে
শাশুড়ি উঠোন ঝাঁট দিতে দিতে শুকান সুপারি চিবায়
তুমি রসুইঘরে তপ্ত, তোমার রান্নাবাড়াই সাজে
কুয়াশাভেজা শিমুল তোমার গন্ধ ফোঁটায় গ্রীবায়

মেলে দেখো হরিণীচোখ, আহত হতে চাই সহজেই
বুক থেকে খুলে ফেলো অন্তিম লজ্জার ভান
তুমি গন্ধবকুল, মোহনীয় সৌরভ শুধু তোমাতেই
দাও আমায় তোমায় না পাওয়া থেকে পরিত্রাণ
প্রান্তরে প্রান্তরে বোরোর রোপা, হাওয়ায় ওড়ে সবুজ চুল মেলে
দাও যদি আকাঙ্ক্ষিত চুম্বন, মরতেও আছি রাজি হেসেখেলে

অতীতকাল

বুনোহাঁস খুঁটে খুঁটে খায় মানুষের
মাটিতলে লুকিয়ে রাখা অতীত

খেয়ে বড় হয়; হতে হতে
বুকভর্তি পালকে মেলে দেয় সমস্ত শাদা
শাদার ভিতরে লুকিয়ে থাকে ধরণীর ওম
ওমের ভিতরে থাকে সুখ, অন্তিম আমোদ
বুনোহাঁস আমোদে ডানা মেলে উড়ে যায়
ফেলে যায় তার নিজের অতীত
মানুষ সেই অতীত চুমে কবিতা লেখে উপমায়

অথচ নিজের অতীত নিজের কাছে
কেন এত তেতো লাগে প্রিয়?

বিরতি

আরও একটু সময় দিলে
হাসবো আমরা

আপাতত বিষাদ নিয়ে
থাকতে দাও
কিছুটা সময়

কে জানে!
হয়তো-বা বিষাদেই লুকোনো আছে
তোমার হারানো গ্রাম, সবুজ ধানখেত
আমি কেবল-ই কৃষক হয়ে
চষে বেড়াই তোমার ভূমি
সহস্র বর্গমাইল

আপাতত বিষাদেই থাকি নিহিত
বৃষ্টিরাত, ঝড়গ্রাম, বোশেখ, রাতের বাতাস
কেমন শূন্যসুখের লোভ জাগায়!
তোমাকে পাওয়ার থেকেও
লোভনীয় সে লোভ

আরও একটু সময় দাও
বিষাদ চুমি
তারপর না’হয় মিথ্যে হাসি
হাসবো দু’জন!