বিশ্বজিৎ দেবের কবিতা
প্রণয়ের দিনে এসো
প্রণয়ের দিনে এসো
যখন আকাশ ফর্সা হয়,সর্পভূক খোলসেরা
উল্কি ফেলে চলে যায় নতুন উপমার খোঁজে
ছাঁচঘর ফেলে
এপথেই দৌড়ে এসেছে রঙ
ঘুমপাড়া, বিবাহবিচ্ছিন্ন সব গেঁয়ো পথ
এসব জেনেছে শুধু পৃথগন্ন গাছের বাকল
ঋতুর তারতম্য অনুযায়ী
বাতাসে পুরোনো আর্দ্রতার রেশ
প্রণয়ের দিনে এসো ,
যখন আকাশ ফর্সা হয়,স্মৃতির কাফ্রিরা এসে
জড়ো হয় মিনারের নীচে
ঠিক যেইখানে
নক্সা তোলা মার্বেল, মরে পড়ে আছে
মেরু প্রদেশের হিম!
আত্মবিষ
এসো আত্মবিশ্বাস,আমরা উপুড় হয়ে শুই
হলদে রঙের পাতাটি মত
স্বপ্নচ্যুত ক্লোরোফিল
অভিন্ন কথ্যভাষার মত এরা সব রয়ে গেছে
অবিকল গানের মুখোশ, বনপথ
চামড়ার উদাস দুপুর
আমাদের এ থেকেই পরস্পর দূরত্বফলক
মুখ ফিরিয়ে থাকা রোমান হরফ, অকপট
পাথরের অনুবাদগুলি
এসো ঘনীভূত আড়তের হিম
প্রোটিনের নিভাজ সরনী..
উড়ে যাওয়া মানবিক বোমাদের প্রতি
তোমার জয়ের কথা জানি
আঠারো অক্ষৌহিনী লাশ, মিমাংসাসুত্র
হাড়গোড়, তোমার ক্ষয়ের কথাও জানি
বিচ্ছেদের দিনে চামড়ায়
নিজেই সে বেঁধে নিচ্ছে ঠাট
ঘুমপাড়ানো গানের সেলাইমেশিন
বিয়োগের শুন্য স্থলে বসে শীষ দিচ্ছে একটি পাখি
পাখিদের মত তোমার ব্যথার কথাও জানি
সুফিয়ানা ঝাঁঝরা মানবঢাল, জানি ঘাসের ভনিতা
বাকলের শুন্য ধর্মঢাক!