রূপম দেবের কবিতা

রূপম দেবের কবিতা

সন্তরণ

অদৃশ্য যা কিছুই
পার্থিব চোখে অক্ষরবন্ধী হয় না ;
যেমন তুমি যেমন আমি !

বিবাগী পলেস্তরায়
জমে কত উদাসী শিশির ! টুপটাপ !
পলে পলে পাঁজরময় নীরব জলতরঙ্গ !

বুকের উঠোনে স্তব্ধ
প্রণয় কুহক বহুসহস্রাব্দ ; পর্ণমোচী
বিরহ প্রসারিত দূরত্বে আঁকে ম্রিয়মান জলছাপ !

তবুও পানণ্ডুলিপি
ভরে উঠে রোজ রাত রোজ দিন শব্দময়
সম্ভারে নিঝুম সন্তরণ ।

মন কেমনের দিনরাত্রি

বাতাসে হুইসেল
চাপা ফিসফাস ! কত ট্রেন আসে,
ট্রেন যায় ! তবু নিত্য অপেক্ষা ! এই বুঝি কড়া নড়ে !

ঝিম ধরা দুপুর
সম্বিতহীন ; সুনশান-নিস্তব্ধ আলেয়া !
দুচোখে চোরা স্রোত ! দৃষ্টি আনত ক্লান্ত দীঘি জলে !

পাঁজরে বেপরোয়া অসুখ !
চিনচিন ব্যাথা বেসামাল চাবুক ! তুমি বুঝলে
না ! চেনা ঠিকানায় এখন কি আর চিঠি পৌঁছে না ?

তবে কি বাড়ি
বদল না মন ! ঠিক বুঝি না !
মন কেমনের দিন- রাত্রি ভীষণ কালো ; সূর্য উঠে না !