বিমল মণ্ডলের কবিতা
সংশোধন
থেকে থেকে মানুষের জীবন সৈকত
নিরিন্তর একটা ভাবনা থেকে ঝরে পড়ে
উড়ুক্কু মাছের চোখের থেকে ছড়িয়ে উজ্জ্বল পারদ
আমার গভীর শব্দে ভরে ওঠে
বিকেলের নীল এক আলো
নিবিড় জলে জীবন সৈকতে
ডোবে আর ওঠে
আমি চলছে নেপথ্যের দিকে
সহসা নির্জন সূর্য
আমার শব্দ ঘরে
এখনও সংশোধন করে।
সময়ঘড়ি
সস্নেহে ক্ষুদ্র বসন্তের বেলায়
মাথার পরে সূর্য ভীড় করে
তোমার হাসির খোরাক
ক্রমশ আমার হৃদয়ে…
সারাদিন সাদা চোখে কৃত্রিমতা
কখনো ছায়া হয়ে কথা বলে
পৃথিবীর সমস্ত প্রেমের প্রতীকী তুমি
জেগে থাকা সময়ঘড়ির চোখে
তোমার প্রসারিত হাতের ভেতর
আমার ভালোবাসা লেগে আছে।
জীবন এক সময়হীন প্রাণ
এক এক দিনের জন্য এক এক বিরস সময়
সোনালী অজস্রতা নতুন জীবনে
তোমার উষ্ণ আমন্ত্রনে
চিরদিনের গল্প দাঁড়ায়
আমার বিবেকবান শব্দখেলায়
ভোরের রোদ
তোমার ইচ্ছের স্বাদ আরও কঠিন হলে
আমার কামনার গর্জন নেই – কিছুই নেই
জীবনের ভেতর থেকে
এক,দুই…চার… করে ঘুরতে ঘুরতে
নিজেকে সমস্ত সত্যতার দিকে
পরাজিত করি
সেইসব সাদা অবসাদ
পুনঃপুন পৃথিবীর মুখে মুখে প্রশ্ন ফেরে
জীবন এক সময়হীন প্রাণ।