ঝুটন দত্তের কবিতা

ঝুটন দত্তের কবিতা

এক টুকরো আলো চাই

আমি অন্ধকারে পথ চলতে আলো চাই,
ততটুকু হলে চলবে—
যাতে আধাঁর ঘুচে যায়।
পোঁড়া চোখ গিলে খাচ্ছে ছাই,
ভিতরের উত্তাপ আগুন নিভে গেছে;
চলার পথ আকাঁবাঁকা পাহাড়ি টিলার মত হয়ে আছে।
ঝরা পাতায় বিমূর্ষ সন্ধ্যা নামে
কৃত্রিম আলোয় ডুবে যায় রাত,
ভোরের সূর্য্য আমি— মাটির দ্বীপে এক টুকরা আলো চাই।

বোবা অনুভূতি

আমার বোবা অনুভূতি গুলো
ডুবে যেতে যেতে একদিন ভাষা খুঁজে পায়,
ভাষাহীন রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে থাকতে-
অতল জলে স্মৃতির ভেলায় ভেসে শব্দের উঠোনে যায়।
কথার শাড়ি পড়ে অতঃপর, কবিতার মতন সামনে দাঁড়ায়।

গন্তব্য

বিচলিত রাত ডেকে যায়
সাঁকো হীন নদীর তীরে,
নিহত দিনের শোকের ঘোরে কাটে রাত্রির ছায়া।
আলো এসে পড়ে পত্র পল্লবে,
দিনমান চেয়ে থাকি –
একটি সহজ গন্তব্যে।