নীহার রঞ্জন দাসের কবিতা

নীহার রঞ্জন দাসের কবিতা

ভুলে যেতে হয়

ভুলে যেতে হয় ,
আবার না ভুলে গেলেও তেমন কোনো ক্ষতি হয়না ।
জীবনের অনেক কথা অনিচ্ছাকৃত ভুলে যাই আমরা ,
যেমন ধরো কোনো এক শীত রাতে কেউ গজল লিখেছিল
কেউ বৃষ্টি সকালে হলুদ গোলাপ এনেছিল কবিতার অক্ষরে ।

এইসব অনেক কথা আমরা মনেই রাখিনা ।
আমাদের মননে আমরা নুতন সকাল খুঁজি ।

যে মানুষগুলো আধমরা হয়ে প্রহর গুনছে তাদের চোখেও অতীত ঝাপসা ।
যে মানুষগুলো বহুকাল ঘরে ফেরেনি,
যে মানুষ তার চোখ রেখেছে নীলকন্ঠ পাখির খোঁজে ,
সেও একদিন এই পৃথিবীতে সূর্যের আলোয় গান ধরেছিলো,
হয়তো তার সুর এখন শীতকাঠের মতন শক্ত । শ্যাওলার স্তুপে কয়লার রং , জলন্ত সিগারেটের ছাই , যেন সবটাই ধূসর।

একটা জীবন একটা মায়া হতে পারেনা , মায়াতো জীবনের ভ্রম ।

তবুও বুক ভেঙে গজল লিখতে হয়—
কে জানে একদিন এইসব গান গজল কবিতা ছাড়া আর কোনো মানুষের অস্তিত্ব রবেনা ,
কে জানে সেদিন পাখিরা শান্ত হবে
ভোরের কুয়াশা মাটির বুক চিরে সহস্র মুদ্রায় জন্ম দেবে আরো এক অগ্নিবলয়ের মানবিক উদ্যান।