মৌসুমী ভৌমিকের কবিতা
দূরত্ব প্রেমটা
১
পুরানো ধুলার সাথে ক্ষতবিক্ষত পুরাতন
মিশে আছে ; সাঁঝের মাঝে ভেসে ওঠে
অস্পষ্ট আলপনায়, নানাভাবেই। সান্ত্বনা
খুঁজি বুঝি এখানেই।
২
যেটুকু জীবনে আছি চিন্তামুখরিত কল্পনায়
একটা চাঁদ আঁকি ; নিবিড় রাতের অধরা
নীলে সাজিয়ে নিই আকাশ সবুজ
অন্ধকারে, দূর থেকে… দূরে থেকেই।
৩
আমি আকাশেও আছি ; আমি মাটিতেও
আছি ,উদাসী হওয়ায় আহত পাখির মত
চোখের চাউনি বিলিয়ে দিয়েও দেখি
আমি বেঁচে আছি।
৪
হ্যাঁ আজও বেঁচে আছি ; পৃথিবীর
আলভাঙা পথে ভালবাসার শীর্ষ ছুঁতে
চেয়ে, ছুঁতে চেয়ে একটি শুদ্ধ মন। সে ও
কী হারিয়ে যাবে স্বপ্নের মাঠ- ঘাট
লন্ডভন্ড করে ? তাই আমি জেগে আছি।
৫
সময়ের ফাঁকে সবকিছু বদলে নেয় সময়।
প্রতিটি সকাল আনে পরতে পরতে
শীতলতা ; প্রতিটি সন্ধ্যা শেখায় জীবনের আকুলতা , শেষের কবিতা হয়ে লাবণ্য ভালবেসে…এই আমি বেশ আছি।