শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের কবিতা
জীবন
কুমারী মাটির সঙ্গে বৃষ্টির সঙ্গমে
ফুটে ওঠে যে যূথিকা মঞ্জরী
আমি তার নাম রেখেছি
অনন্ত জীবন।
আর্তি
উপলখণ্ড ছড়িয়ে দাও
বিছিয়েছি এক নদী
বুকের ভিতর পথে।
যে যেখানে দাঁড়িয়ে আছ
সেখান থেকে যদি
এক আঁজলা বৃষ্টি ঢেলে দিতে
বৃষ্টিভেজা গ্রাম গড়তাম বুকে।
জিরিয়ে নিতে তোমরা এসে প্রবাস ফেরত পথে।
পাথরগুলো গাঁথতে গাঁথতে বুকে
শুকিয়ে যাচ্ছে জলপ্রপাত মন।
প্রেম
গিঁট পড়েছে, অনেক করেও ছাড়াতে পারছি না।
সকাল, দুপুর , মেঘ রোদ্দুর রেশম সুতোয় বোনা,
গিঁট পড়েছে লালে নীলে চাইলেও ছাড়ছে না।