মুহম্মদ নূরুল হুদার কবিতা
ঈশ্বরের অশ্রু
ঈশ্বরের একটিমাত্র চোখ।
না, দুটি নয়।
সেই চোখ সাদা নয়, সপ্তবর্ণ নয়।
সেই চোখ কালো নয়, বর্ণহীন নয়।
সেই চোখ কখনো নীল, কখনো লাল।
সেই চোখে টালমাটাল কালমহাকাল।
যখন ঈশ্বর ক্রুদ্ধ হন,
তখন তার লাল চোখে আগুন।
যখন ঈ্শ্বর ব্যথিত হন,
তখন তার নীল চোখে অশ্রু।
ঈশ্বর, আপনি একবার রাগুন।
আপনার লালচোখে দাউদাউ দাবানল
ভস্মীভূত করে দিক আপনার তস্যসৃষ্টি।
ঈশ্বর, আপনি একবার কাঁদুন।
আপনার নীলচোখে অশ্রুর আষাঢ়-প্লাবন
ভাসিয়ে নিক আপনার ভস্ম-সৃষ্টি।
তারপর শুদ্ধ হোক আপনার বিশ্বসৃষ্টি।
তারপর নিরপেক্ষ হোক আপনার বিশ্বদৃষ্টি।
আপনার চোখের রং হোক শুধু শাদা।
সেই চোখে থাক শান্তি শান্তি,
সেই চোখে থাক শান্তির অশ্রুবৃষ্টি।