নিবিড় সাহার কবিতা মে ২৯, ২০২১ বেড়াল দুঃখগুলো ঘাপটি মেরে বসে আছে হেঁশেলের জানালার পাশে l মরচে ধরা চাঁদের আলোয় দু-এক টুকরো মাছের মতো সুখ, ভাঙা জোৎস্নার দানা হয়ে সেই বেড়ালের চোখে ভাসে l উপোসী চোখ আর উপায়ের মাঝে সীমানার বেড়াজাল l শেকল পরানো থাবা ছুঁয়ে আছে জীর্ণ ফাগুন কাল l