শাহনাজ পারভীনের কবিতা
মৌতাত
আকাশের সূর্য গন্ধ দেখলেই যেমন বোঝা যায়
আশে পাশে ধারে কাছেই রোদ্রের বিভায় ভেসে যাচ্ছে প্রকৃতি
অথবা বৃষ্টির মৌন গন্ধে কতখানি উন্মাতাল বৃক্ষ পল্লব।
তেমনি আবার কিছু শব্দের আঁচ পেলেই বোঝা যায়
ওটা রোজকার গৃহস্থালির
যদিও ভাপ ওঠা ধোঁয়ার গন্ধগুলো বলে দেয়
বলক ওঠা গরম ভাতের শব্দগুলো
মিশে আছে জীবনেরই মহানন্দে
অথবা আরও কিছু নিমগ্ন শব্দে কান খাঁড়া হয়ে যায় কিছু অন্তর্গত সংলাপের গন্ধ শংকায়!
অথবা মৃত্যুর গন্ধে যেমন বোঝা যায়
জীবন গন্ধা আলোড়ন কত অসামান্য!
তেমনি তোমার কণ্ঠের ঝনাৎ শব্দের গন্ধে
আমি বুদ হয়ে থাকি আজীবন।