মানিক বৈরাগীর কবিতা

মানিক বৈরাগীর কবিতা

পুষ্পিত অন্ধকারের সরাইখানা

আত্মদর্শন

অবহেলা ঈর্ষা নেহায়েত করুণাও খুব ভালো লাগে
শব্দ ত্রয়ীর ক্রিয়া-প্রতিক্রিয়া প্রেরণার উৎস-আবেগে
মনে পড়ে শেখ সাদি’র কথা—

আজ যারা জন্মান্ধ, জ্বরা-জড়, খ্যাতির মোহান্ধ
আমায় দেখে ক্ষমতান্ধ হয়ে শীৎকার ছুড়ছো উপহাসের
তোমাদেরও পূর্ব-প্রজন্ম এমনি করে ছুড়েছে শরবিদ্ধ তীর
মাদ – মাগী – মাদুলি’র প্রলোভনে টলেনি যার মন
মৃত্যুভয়ে নত করিনি শির!

ডগডগে পান করে হেমলক পীর সক্রেটিস
আমি জানি কি আমার চাওয়া – সাধনা
কিসে আমার সুখ; কোথায় তাড়না – প্রেরণা
কলবের আরশিতে জিকির চলে নীতি-নৈতিকতার
জ্বলন যাতনায় দীপ জ্বেলে সত্যরে করি সাধনা
রুমি- খৈয়ামের প্রেমে যার দেহ-মন মাস্কানা।

তোমরা যারা খাই খাই করো বাঁচার তাগিদে
কলবে আর রিপুতে লড়াই করি মরনের পর বাঁচতে।

পুষ্পিত অন্ধকার

উজ্জ্বল উচ্ছল উৎসবের বিজয় কেতন
আমাকে আর টানেনা
শুধু শবযাত্রা দেখি, বিষাদের চোখে।

নীলাম্বরী সড়কে প্রস্ফুটিত রক্তজবার মতো
তুমি দাঁড়িয়ে থেকো, উন্নয়নের শাদা অন্ধকারে

সন্ধ্যার সোড়িয়ামের ভুতুড়ে আলোয়
আমি
ল্যাম্পপোস্ট
হবো।

বিষাদের ভিড় যদি দাও ভালোবাসা
সহজেই দ্রবিভুত হবো নুনজলে।

অতঃপর
পুষ্পিতঅন্ধকার থেকে ধবধবে শাদা রজনীগন্ধার সুভাষ ছড়াবেই।

প্রাপ্ত বয়স্ক কবিতা

তোমাকে অধ্যয়ন করতে করতে
আর বই পড়া হয়নি আমার

এখন আমি অশিক্ষিত ক্ষেত
এই উপমাও আমার অর্জন

জলৌকা ভরা নদী তুমি স্বাদু জলে ভরা কচুরি পানা
অশ্রু কণা স্বচ্ছ হলেও লোনা জলে ঝর্ণাধারা

আমার আছে শিব চুড়া তপ্ত খাড়া ধার
মৃত অগ্নি গুহায় তপ্ত লাভা হয়না বাহির

তবুও তোমার পূর্ব রূপের বড়াই যায় না
যেনে রাখো সখি,মেরু দন্ড ভাঙ্গা হলে ও
সুচের মতো বুরিং যোগ্য শিব দন্ড খাড়া।

বন্ধুরা এখন তোমার চাহিদা পত্রের খবর পাঠ করে আমার কাছে।
তাহাদের নৈশায়োজনে সরবরাহ যোগানের তালিকায় প্রথম ধাপে রাখে তোমায়,
বাঈজী তকমায়

ফড়িয়া পুঁজির ফটিক পতিরা সহি আরাবি কায়দা মেনে, তোমাকে ঘিরে মুতা বিয়া সারে
মুমিন মুসলমান মানতেই হবে।
শরিয়তী মৌলভি মধুলোভি ইমাম কাজীর অভাব নাই দেশে।
তবুও তুমি ক্লান্ত শ্রান্ত দেহের অবসরে,আমায় ভাবো, গপ্প করো জনে জনে।

তুমি তো তথাকথিত জেন্ডারবাদী সোচ্ছার, রাজপথে শ্লোগান মুখর
বাৎস্যায়নের বাজারে মার্কিনি কনডমের এখন চাহিদা বেশি।
এ-সব প্রগতি না দুর্গতি,নির্নয় ন জনি

মনে করো,এতে আমি প্রীত হই কৃত হই
কিছুই হইনা আমি,ভাবিও না ওসব জেনে।

জমি জমা বন্ধক রেখেছি যাপিত জীবনের তরে
বিবেক প্রদীপ জ্বালিয়ে রেখেছি নৈতিকতার ঘরে।