সুপ্রভাত মেট্যার কবিতা
পরমান্নের ভোগ
প্রায় ভোর হয়ে এলো।
এখনও অন্ধকার আভা তোমার বুকের ভিতর ,
মেরুন রঙের ঢেউ ।
গুরুপ্রতিভার কবি ,রবির আবির সকালে
শিশিরের পায়ে পায়ে হাঁটে।
ফুল ফোটে,বাগান সমেত আলোয়
কুয়াশা মিশ্রিত সাদা।
দুধভালো প্রপাতের মৃদু হাওয়া বয়ে যায়
ঘাসের উপর দিয়ে ,আর শীত ।
কেঁপে ওঠে পাতা ।
আর ক্রমশ পরমান্নের ভোগ
মায়ের হাতে ফুটে ,দুপুর চারিয়ে যায়।
নামান্তর
যেকোনও সস্তা কথারও একটা স্রোত আছে।
অর্থ আছে ভীষণ গতির ।
গভীর তার চলে যাওয়া চোখ ,সুদূর বিস্তৃত …..
অহংকার মানুষকে
অন্ধকারের টিমটিমে আলো করে তোলে,
নিয়ত প্রদীপের শিখায় বেঁচে থাকা প্রাণ ।
লোভের ভিতরে একরাশ ধোঁয়ার কুণ্ডলী
বিড়ি খেয়ে ওঠা ফুসফুসের ক্ষতের মতো
দগদগে চুপ হয়ে থাকে ।
যেকোনও হেয় সম্পন্নের কথাই
প্রতিপন্ন নির্বুদ্ধিতারই নামান্তর !
দৃশ্যত পতন
তোমার পতন দেখে স্নাত হয়ে এল চোখ ।
কথা আটকে কন্ঠ ভারি হয়ে আসছে আমার।
অন্ধকারে ডুবে যাচ্ছে শরীর ।
শিথিল হাত।অলস দুই পায়ে স্থির চলাচল ।
মেঘরাশির আকাশের গাঢ় অন্ধকারে
উড়ে বেড়ায় তোমার স্বপ্ন ,রহস্য আর প্রাণ ।
আমি সিক্ত মুগ্ধতায়
গম্ভীর ,নীচু আয়ু নিয়ে চেয়ে থাকি একা ।
অপেক্ষার রক্তিম আভা
আমার গোধূলি রঙের প্রেম,
আজ সন্ধ্যার মুখোমুখি প্রায় ।