এস এম তিতুমীরের কবিতা

এস এম তিতুমীরের কবিতা

শিহরণ

সাধ্য মত ; আরো কিছু লোক – চোখ পকেটে রেখে
স্ফিত বুকের মাংস যুগল অন্তর কোষে তুলে; ভুলে
ঝরে পড়া পালকের কথা। যথাতথা -সন্তর্পণে ফেলে
দৃষ্টির ছিপ ; ওই তো দ্বীপ -বুঝি বসবে বসতি
আদিম পুরুষের ; আদিম খেলার মত

যতো হেঁটে যায়, ততো ; খ্যালনা চলে পথের দুপাশে
জীবন্ত চোখ-নাক-মুখ-বুক-নিতম্ব-করোটি -পদভার ঘাসে
অনায়াসে, গা ঘেষে গায়ে; বাড়ন্ত নায়ে তুলে ঢেউ
শিহরণ লাগে লাগায় কেউ; স্বপনে দেখা মুখ যত

সাহস

তারা মুখ বুজে থাকে
আর আমি তোমার হাতের আঙুল ধরে
অনন্তে হারিয়ে যায়। তারা চোখ খোলে
আমি আড়াল হই তুমি আছো বলে

এইতো সাহস-
তোমাকে আপন করি। বাঁধি সাহসের ঘর
তারা ধ্যান দেয় প্রেমের দিকে। খর্ব চলার
অবলীলা বুকে। অথচ আমি, তুমি হয়ে-
সাহস খোয়ায়, তোমার ভেতর

তোমার প্রেম, পুলক পাতা পরশের শিহরণ
সাহস সাহস করে উড়ে যায় ওই আকাশে।