সমীর আহমেদের কবিতা
প্রেমপর্ব
১
গোধূলির ধূলোর মতো উড়ে যাচ্ছি, সন্ধ্যামগ্নতা ছুঁয়ে
তোমার দরজায়। তুমি কি জেগে আছো? নাকি আজও
দু’চোখে লেপ্টে আছে মমিকৃত ঘুম? দুঃখবতী রাত্রিই
কেবল নীরবে খুলে রাখে উদার দরজা। জোছনায় জমে
আছে স্বপ্নহীন জোনাকির নৈঃশব্দ্য বিলাপ। জলের কলহাস্য
খুলে আরও কিছুদূর গেলে পাবে, স্মৃতিভ্রম শব্দের পাথুরে
ছায়া; হৃদয়ের খুব কাছে শুয়ে আছে একা।
২
ভাবছি, আবার ফিরে যাবো সেই পাখির কাছে, ডানা নেই
জেনেও যে আমাকে একদিন শেখাতে চেয়েছিল উড়ালবিদ্যা।
তারপর স্বপ্নঘোরে কেটেছে দিন। ভেবেছি ডানাবিহীন কীভাবে
ছোঁব সুদূর আকাশ! শ্যাওলার মতো ভেসেছি জলে। বস্তুত চাঁদ
ছাড়া সেখানে আমার কোনো প্রতিবিম্ব নেই। মাছেরা খুবলে
নিয়েছে দেহ। ঢেউয়ের চূড়ায় জয়ের তিলক এঁকে প্রতিদিন
কতো জাহাজ ভিড়ে পৃথিবীর বন্দরে বন্দরে। আমার কেবল
কোনো গন্তব্য নেই। শুধু অনন্তকাল ভেসে থাকা নোনাজলে!
আমার বেদনা গোপন থাকে, মিশে না কোন জলের কোলাহলে।
৩
এই বুকে হাত দিলে টের পাবে তুমুল কম্পন
একটি নীলাভ তিমি লাফ দিয়ে সমুদ্রের কোলাহল
নিয়ে হঠাৎ ঢুকে পড়েছে। তার উগরে দেওয়া জলটুকু
সেকে নুনটুকু মেখেছি দু’চোখে। গোপন কান্নার ঢেউ
থেকে বারবার জন্ম নেয় সবুজ উঠোনে অদ্ভুত সুন্দর
নুনগাছ।