সুলগ্না বাগচী’র কবিতা
নিঃসঙ্গ আলো
নিঃসঙ্গ আলো , আজ এসো
তোমার থেকে শিখে নিতে চাই
দুরূহ আশাবাদ ৷
শেষ হয়ে আসা রাতের কিনারে
আমাকে শেখাও , কিভাবে ভুলে যাও
তুমি – নিঃসঙ্গ দিনপাত ৷
বাধ্যতাযাপন
আমাদের পাশাপাশি থেকে যাওয়া
নিশ্চিত নয় সকালের মত
শুধু করে গেছি বাধ্যতাযাপন
বলে দিয়ে নির্ভার হতে পারো ,
কিছু নদী পাশ দিয়ে বহুদূর যাবে
আমিও সেই জলে স্পষ্ট দেখেছি
কিভাবে জড়িয়ে আছ মিছিমিছি ৷
শুধু এটুকু বলে দিতে পারো
তুমিও চলে যাবে হাসিমুখে কোনো একদিন ৷
দুপুরের রোদ
ওই যে দূরের গাছ
কতটা কাছে মনে হয় দুপুরবেলায়
অনায়াসে চলে যেতে পারি ,
বিকেলে ক্লান্তি মুছে যায়
ফেরার সময় শুধু মনে হয়
অচেনা কতখানি পথে
আমায় টেনে নিয়ে গেছে
রিক্ত দুপুরের রোদ ৷