শাহ্ নাজ পারভীনের কবিতা

শাহ্ নাজ পারভীনের কবিতা

ধারাপাত

এক-

আকাশ ছোঁয়ার অদম্য এক নেশায়
কোন অজানা হাতছানি দেয়, কল্পলোকে
ভাসায়!

দুই –

রুদ্ধশ্বাসে ছুটছি উল্কাবেগে
নির্ঘুম রাতে মন খারাপেরা জেগে

তিন –

হারিয়ে যাচ্ছে চেনা পথের আল
জোছনা মাখা রাতের ইন্দ্রজাল!

চার –

স্মৃতির জানলা বন্ধ করিডোরে
আঙুলছোঁয়া গল্পগুলো হারিয়ে যায়
ভোরে!

পাঁচ –

পাতার ফাঁকে আর হবে কি দেখা
ভুল বানানে তোমায় পত্র লেখা!

ছয় –

ঈশান কোণে মেঘ জমেছে ভারী
খুব অচেনা আজকে নিজের বাড়ি!

সাত –

পথ ফুরালে ক্লান্তিরা ভিড় করে
আধবোজা চোখ খিল এঁটে দেয় দোরে !

আট –

ভাতের হাড়ি শূন্য থাকে যদি
চোখের ভেতর নিত্য শুকায় নদী !

নয় –

মাটির সোঁদা গন্ধ ধানের ক্ষেতে
খানিক থামি তোমার কাছে যেতে!

দশ –

বিরান ভিটায় অবাধ জোছনা লুটোয়
তবু ইচ্ছে ঘুড়ি নাটাই সুতো গুটোয়!