জহুরুল ইসলামের কবিতা

জহুরুল ইসলামের কবিতা

কদমচোখ

এ বর্ষায় ভেজা চোখ যেন তার কদম কুসুম,
চেয়ে থাকে বর্ষার আকাশে।
এখন তারা জ্বলে না,
শুধু বৃষ্টি পড়ে।

তার সন্ধ্যার আকাশে জ্বলে
বেদনার বাতি।
ডালিম ফুলের মতো চোখ চেয়ে থাকে
সারারাত,
আর-
ফুলের যন্ত্রনায় কাতরায়…

রক্তের নদীতে জোয়ার

আজ রক্তের নদীতে জোয়ার উঠেছে,
আবার নিম্নচাপের পূর্বাভাস ।
নিরাপদ দূরত্বে কী করে যাব বলো,
সব ছেড়ে।

কোথাও নিরাপদ নই,
যেখানেই যাই-সব ভেঙ্গে যায় দ্রূত।
ঘরের কঠিন ছাদ,
মোটা গাছ
আকাশের কালো মেঘ।

কতোগুলো ঢেউ তেড়ে আসে
সাপের ফোণার মতো।

কোথায় যাব এখন,
বুকের উপর যেন বিশাল পাহাড়।

মেঘ বৃষ্টির খেলা

তোমার চোখেতে ভাসে মেঘের কাজল
আষাঢ়ের আকাশের মতো।
হৃদয়ের বনে ঝরে অবিরল ধারা,
বয়ে যায় প্লাবনের স্রোত।

আমার কদম ডালে ফুটে আছে ফুল,
পাখিদের মুখরিত ধবনি।
সারাটা বাগান জুড়ে সুবাসিত বায়ু,
প্রজাপতি নাচে।

দেখি- দূরের আকাশে মেঘ,
হাওয়ায় হাওয়ায় ভাসে।
বৃষ্টি পড়ে আমার উঠোনে,
স্নান করি।