ইলা সূত্রধরের কবিতা
তোমাকে ছোঁওয়ার জন্য
এই বৃষ্টিরাতে ভিজে যাচ্ছে গোটা চরাচর
মেঘের ঘোমটা সরিয়ে স্নান সেরে
বেড়িয়ে এলো অভিসারী চাঁদ
জোছনায় টইটম্বুর ভিজছে সাধের বাগান
তাই আমি ফুলের কাছে ছুটে যাচ্ছি
তোমাকে ছোঁওয়ার জন্য
জুঁইফুলে লেগেছে বিন্দু বিন্দু জলের ফোঁটা
মেঘের চুলে ছড়াচ্ছে গোলাপজলের সুবাস
মন আমার জলফড়িং হয়ে জলছবি আঁকছে
জলজ বাতাস বিলোচ্ছো ডাকপিয়নের চিঠি
তাই খোলা জানলায় পথ চেয়ে বসে আছি
তোমাকে ছোঁওয়ার জন্য
একটা তারা হারিয়ে গেল দূর আকাশ থেকে
মেঘেরা ঢেকে ফেললো নীলাভ আলো
দূরের লাইট হাউসে অঝোরে সৌন্দর্যের বৃষ্টি ঝরছে
উত্তাল ঢেউয়ের দাপটে জলোচ্ছ্বাসে প্লাবিত চর
তাই জলাশয় পেড়িয়ে বৃষ্টি নিয়ে ছুটে যাচ্ছি
তোমাকে ছোঁওয়ার জন্য