জহুরুল ইসলামের কবিতা

জহুরুল ইসলামের কবিতা

বৈরী বাতাস

বুনোরাত্রির যে বাউন্ডুলে
বাতাস – এখানে আসে,
এই জানালার ধারে একান্ত গোপনে
কিছু বার্তা নিয়ে-
আজ রাত উল্টে যাবে,
এখনি দুপুর হবে এই পৃথিবীতে।
সব পাখি ডানা ঝাড়ে
গাছে গাছে।
লাটিমের মতো
এ পৃথিবী ঘুরে যাচ্ছে দ্রুত।
বেগানা বাতাস আসে আজ জানালায়
চুপি চুপি।
উল্টে যাবে
এই পৃথিবীর রাত।

অপেক্ষা

হৃদয়ের মাঠে খুঁজি তারে,
খুজি অসীম আকাশে
গ্রহের পাটাতনে আসন
পেতে বসি-

রুপালি রাতের ফাঁকে হেঁটে যাই দ্রুত,
আর কতোদিন-
কতদিন গেলে,
চোখের পাতায় এসে তুমি ভালোবেসে
নীরবে বাঁধিবে বাসা।

এখনো কপাট খুলে জেগে থাকি রাতে,
শুধু রাতের বাতাস
আসে ভেসে।
তুমি আসোনাকো,
আসিবে কি ঘুমের মাতালে?
আসিবে এ প্রাণের দুয়ারে।