মৌসুমী ভৌমিকের কবিতা
উড়লো চিঠি অসীমে
পত্র—১
প্রিয়তম,
সব গেছে হারিয়ে!
শুধু তুমিই আছো আমার পাশে।
বড়সড় ব্যাপারে আমার আনন্দ আসে না
আমার সব আনন্দ নিজের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে
খুব কাছ থেকে দেখি তা
দেখি হৃদয়ের সব রং দিয়ে
সমস্ত মগজ জুড়েই ছায়াছবি।
ইতি,অনন্যা
পত্র-২
প্রিয়তম,
তুমি সূর্যতাপে পুড়তে বসেছিলে
আমি মেঘের চাদর বিছিয়ে দিয়েছিলাম
যদি মেঘের প্রেমে পড়ে যাও …
মেঘের সাথে ভাসতে চাও …
সে দোষ কি আমার ?
বলি আকাশটা কি আমার নিজের তৈরি ?
ইতি,অনন্যা
পত্র-৩
প্রিয়তম,
কি এমন ভালবাসা অপেক্ষার ক্ষণ গুনতে হয় ?
কি এমন ভালবাসা চোখে জল ছল ছল হয়?
মাঝে মাঝে তার নাগালই হারাই
রিক্ত হাতে ফিরি!
ইতি,অনন্যা।
পত্র-৪
প্রিয়তম,
হয়তো বা তুমি ব্যস্ত দৈনন্দিনে
কিংবা আলোর ঝর্ণা ফোয়ারা তুলেছে
মুগ্ধ চোখের তারায়
তার আবেশেই কাটছে দিন ইদানিং
হৈ-হুল্লোড় করে
না বললে আর কি করে জানবো বলো!
তুমি বললেই না হয় জানবো।
ইতি,অনন্যা।
পৌষ /২০২০