মৌমিতা ঘোষের কবিতা

মৌমিতা ঘোষের কবিতা

আলাপ

ভাঙন
কোন গভীরে ছড়িয়ে যায়, নাম দিও তার বৃষ্টি
জমায়
বিষাদগানের, প্রবল জোয়ার ভীষণ অনাসৃষ্টি।

মনের
ছাদ জুড়ে আজ বৃষ্টিফোঁটা, খবর জানো তাদের?
ওড়ায়
হলুদ রঙের পালকগুলি, নিরালা রঙ রোদের।

ভাবো,
বৃষ্টিফোঁটা রোদের রঙে, ভিজতে শেখে কখন?
রাখো
বুকের চোরা জলের স্রোতে,তুমুল ঝড়ের মাতন।

তোমার
ছটফটানি, উথালপাথাল, লুকিয়ে রাখা গোলাপ,
আমি
সামলে রাখি তানপুরাতে, সোহাগমাখা আলাপ।

উপেক্ষিত

ধরতে চাইছি হাতদুখানা, ভাঙতে চাইছি আগল
গান গেয়ে যে মন‌ নিয়ে যায় সেজন বিশুপাগল।

বাড়াবাড়ি চাইনিআমি,চাইছি সমারোহ
প্রেমের আকাশ, তরতরিয়ে রাগের অবরোহ।

সবই ফাঁকি, বলছ তুমি, বললে অনায়াস
আমি কিন্তু ও নিঃশ্বাসেই রেখেছিলাম শ্বাস।

একটুখানি চিলতে আকাশ , ভোরের গুনগুন
ঐটুকুও দামী এত? বিরল কোন ধুন?

হিসেব নিকেশ চুলোর দোরে পাঠাও তুমি প্লিজ
ঝাড়গ্রামে সেই রাজবাড়িতে পাখিটি দিক শিস।

এইরকমই অলীক সফর , ভোরের আলো,চাদর
ভৈরবীতে মাখামাখি অপেক্ষাতে আদর।