বাবুল আনোয়ারের কবিতা
তৃষ্ণার ফুল
নিঃসীম আঁধারে জমে জমে
পাথর হয় বেদনার জল
লিখে রাখে অনাহুত ভুলে যাওয়া নাম
আলো হয়ে ফোঁটে যেন তৃষ্ণার ফুল
আদিগন্ত হেঁটে চলা পথে অবিরাম।
মুগ্ধ বেদনা
বিছিন্ন হতে হতে অপার হয়ে পড়ি
সামান্য থেকে অসামান্য ভুবনের
খুলে দেই দরোজা নিঃসঙ্গ হাওয়ায়
পোড়া মাঠের ঘাসে অর্ধমৃত সবুজে
ভুল পথে হেঁটে যায় আহত হৃদয়
জোছনায় জ্বলে যায় বির্দীণ রাত
বিপন্ন বোধের গাঢ় নীল কার্নিশে
বসে থাকি বিষণ্ন মুগ্ধ বেদনায়।
অজর দু’চোখ
কখনো কখনো অবলীলায় কেউ
হেঁটে বেড়ায় অবাক রাত্রির দুপুরে
নৈঃশব্দ্যের নিঃসীম প্রহর ধরে
দূরাগত স্মৃতির জানালায় নিরুত্তর
বসে থাকে অঘ্রাণের নমিত আকাশ
নীরবে বেজে ওঠে জোছনার কোরাস
মগ্নতার নিকষ আঁধারে তখন
জেগে থাকে প্রণয়ের অজর দু’চোখ।
প্রথাসিদ্ধ চলাফেরা
ঘোর দুপুরে অন্ধকারে দাঁড়িয়ে থাকে রাত
সরল গ্রাম, মুগ্ধ নদী ডাকছে বারবার
আপন ভেবে প্রিয়জনে বাড়াই যখন হাত
অন্ত:ব্যথায় তোলপাড় পাঁজর ভাঙ্গা হাড়।
দিন-রাত্রির পদাবলি বন্দি হয়ে আসে
কষ্ট জলের গহীন নদী বিশালতরো নাম
মগ্ন মৌন স্বপ্নগুলো শূন্যাকাশে ভাসে
প্রথাসিদ্ধ আদিম পথে হাঁটছি অবিরাম।
হারনোর গল্প
কিছু কথা নৈঃশব্দ্যে মিশে থাকে
অস্তমিত আলোর কাঁপনে
দিক চিহ্নহীন অজানা আড়ালে
কোন কোন পথ মিশে যায় অদেখা আঁধারে
কোন কোন পাখি হারায় পথ ঝড়ের মাতমে
হারানোর গল্পগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
হারানোর গল্পগুলো শীর্ণ নদীর মতো
হারানোর গল্পগুলো দীর্ণ মানুষের মতো
হারানোর গল্পগুলো সাদা কাশফুল
শরতের মেঘে মেঘে ছোঁয় না আকাশ
হারানোর গল্পগুলো হৃদয় মোচড়ানো
নীল বেদনার মতো সংক্রমণ ছড়ায়
নিঃশব্দে আর্তনাদ করে বিষাদে অতল।