শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের কবিতা

শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের কবিতা

বৃষ্টি

পিঁড়ি পেতে বসে আছি
তুমি এসে বসবে যখন , দেখো
লালনহীন কিশোরীর মত শুকিয়েছে
দূর্বাঘাস, আম জাম জারুলের
বন ।তাদের ভিজিয়ে দিও ।
শাণিত শব্দজালে ক্লান্ত শ্রবণ
চিরপরিচিত সেই মল্লার চায় ।
খররোদে ফেটে যাওয়া মাটি আর মানবহৃদয়
পিঁড়ি পেতে বসে আছে
অনাদি অনন্তকাল
মেঘরাগ ছোঁয়ার আশায়।

অলৌকিক ছাদ

লিনটেল পর্যন্ত উঠে গলির মুখে থমকে থাকে
যে সব অসমাপ্ত বাড়ি, তাদের
উঠোনে গড়াগড়ি দেয়
মধ্যরাতের জ্যোৎস্না, ঘরে ঘরে ঘুরপাক খায়
প্রলাপের মত হাওয়া, দেওয়ালে ধাক্কা লেগে
মাটিতে আছড়ায়।

সে ঘরের অলৌকিক ছাদ জুড়ে মেলা থাকে
ঢোলা পাঞ্জাবি, শাড়ি, মিনুর কলার দেওয়া ফ্রক।
মেঘ , বৃষ্টি আর বজ্রপাত !

সপ্তর্ষিমণ্ডল

প্রতিদিন গেরস্ত বাড়ির মাথায়
অন্তরীক্ষে জ্বলে থাকে
অনন্ত জিজ্ঞাসাচিহ্ন
সপ্তর্ষিমণ্ডল।