অভিজিৎ দাসকর্মকারের কবিতা

অভিজিৎ দাসকর্মকারের কবিতা

রাত বদলায় টুথপেষ্টের বিজ্ঞাপন ধরে

চোখ আর দৃষ্টির মাঝখানে আটকে পড়েছে কস্তুরি গন্ধ। সা থেকে পা অবধি গায়ে প্রবল বাংলা বানান ও যতিচিহ্ন ভুলের ব্যাকরণ,
ফাটল গলে চামড়া আর শীতোষ্ণ রক্ত টুসিয়ে টুসিয়ে প্রতিবাদ করতে বেরিয়েছে কলম ধরে___

শূন্য প্রাণ, পশ্চিমপাশে মুখ করে ফর্সা হয়ে দাঁড়িয়ে। চিরকালীন চুম্বনে বিলিন হচ্ছে সহাস্য শিশু গাছের ছায়াটি এবং ২৫শে জুলাইকে চেনা যাচ্ছে কিছু পরিচিত চিকণ শব্দে___

বিকেলে তাৎক্ষণিক প্রতিবর্তক্রিয়া বন্ধ করেছে জানালার দক্ষিণপাশের লজ্জাবোধি গুল্ম। বর্ষা, সশব্দে খেয়েছে স্রেফ নিরক্ষর সজীবতার কেতাবী অংশটুকু—

রাত ঠিক পুড়িয়ে মারছে নরম নিশ্চিন্তভরা ফানুস। বিকল্প পদ্ধতিতে জিদ্দি পথে খুঁজে নেয়া মিসিসিপির
উল্লাস সিঁড়ি ভাঙছে
ক্রোমোজম ভাঙছে
মেনোপোজ ভাঙছে
অ্যান্টবডি ভাঙছে আর

পাথরগুলো সর সর কোরে এগিয়ে চেলেছে বুদ্ধি খাওয়া পিঁপড়ের সারি ধোরে—

আমরা জানতে পারিনা প্রতিটি দেয়ালের যেখানে পেচ্ছাপ করতে মানা করা হয় সেখানে বিড়ির ধোঁয়া উড়িয়ে রাত বদলায় ১টি টুথপেষ্টের উচ্ছ্বসিত বিজ্ঞাপন ধরে।