মালা ঘোষ মিত্রের কবিতা

মালা ঘোষ মিত্রের কবিতা

উষ্ণতার জন্য

ভালোবাসার রঙ নীল
তাই কি বারবার উঠে আসে
নীল রঙ ।
পাড় ভাঙা নদীর মতো
আঁচল উড়িয়ে উঠে এসে
নারী সদ্যস্নাত হয় ।
আড়ালে দাঁড়িয়ে কথারা চুপ হয় ।
জেনে রেখো নীরবতারও কথা থাকে,
বারবার আঙুলে এসে বেঁধে
রক্তগোলাপের উষ্ণতা ____
ঋতুমতী হয়ে নারী
প্রকৃত মাতৃত্বের অধিকারীনি হয় ।

শিকড়ের টানে

হালকা ছাই-রঙা কুয়াশার আস্তরণ
বিছিয়েছে মাঠের ওপরে।
হিম ঝরে পড়ে টুপটাপ করে
জাম-কাঁঠাল-আমের পাতা থেকে।
হীরের কুচির মতন শিশির কণা
ঝিকমিক করছে রোদ্দুর পরে।
মনে হচ্ছে এক জলরঙের ছবি।
অজস্র মানুষের মধ্যে মিশে থাকা
স্মিত হাসি দেখে ঠিকই চেনা যায়
কেমন যেন বড্ড আপনজন
জড়িয়ে যায় প্রবাহমান জীবনে—
মুহূর্তগুলো চলে যায়—
ঘড়ির শরীর থেকে কিছুক্ষণের জন্য
খুলে পড়ে যায় কাঁটাগুলো—
মন শান্ত হয়ে আসে
সমুদ্রকে উদ্বেল করে।
শেকড় থাকে মাটির গভীরে
মানুষকে শ্বাস নিতেই হয়ে।