সোমা ঘোষের কবিতা

সোমা ঘোষের কবিতা

দহন

ঋতুসংহারে কুমকুমে সঙ্গমে জল সুখে—
আলগা মুঠি খসে খসে পড়ে আয়ু।
উভচর গাছ। জলের নিচে বংশবিস্তার। করতল জুড়ে শেকড় – বাকড় জল দূষণ।
যাজ্ঞসেনীর উড়ন্ত আঁচল।
ছোটো হয়ে আসা হেমন্তের নিরীহ দিনের মতো
তল্লাশির তৃতীয় নয়ন। জলীয় দহন।

সর্বস্ব

যেতে হলে এখনই যাও তবে,
ছায়া অনর্গল—
হলুদ ডুবো সন্ধ্যে ,
উঠোন ঘেঁষে কুয়ো জল—
দক্ষ সাঁতারু চাঁদ।
সজনে ডালের কাঁপন বাইতে বাইতে বুক মাঝ
পড়ে থাকে কৃষ্ণ সাজ—
রাধার সূর্যবিম্ব । রুক্ষ দুপুর। বাউল ঘর।
জ্যান্ত হরিণী ছাপ। দুরন্ত।
তিন পয়সার পালা।
অপূর্ণ ষোলো কলা।

অবিকল

দলছুট বালিকার মুখ। ঝাঁপিয়ে আসে মেঘ। আকাশমুখী একগুঁয়ে শিরিষ গাছ।
পলাতক জ্যোৎস্না। থমথমে পাখির বাসা।
সেরা জিভ আগাগোড়া।
আদুর গা। জ্বালানির উপাচার।
কার্নিশ ঘেঁষা প্রাচীন পাথর চোখ।
ধিকি ধিকি আগুনের কোপ।
সন্ধির উল্লাস…