ইলা সুত্রধরের কবিতা

ইলা সুত্রধরের কবিতা

আরেক পৃথিবী

অনেক চলার পর থেমে গেছে পথ
সব ছেড়ে ফিরে যাবো অন্য কোথাও
সেও যদি হয় হোক আদিম এক গুহা
সেখানেও পদ্ম আমি পর্দানশীন
যত বিলাও বিপননে সুখ সমাচার
সভ্যতার মুখোশে ঢাকে কুৎসিত মুখ

নদী নারী গাছ আমি প্রকৃতি স্বরূপ
শ্যামল সবুজে বিরাজ শষ্যের ভূমি
বৃষ্টিতে ভিজে হই ফলবতী রূপ
তবুও অরণ্যে আজ কুঠার আঘাত
আবার ঝড়ের দাপট প্লাবনের ঢেউ
পৌরুষের দম্ভ দেখাও কার কাছে এসে

হঠাৎ বার্তা আসে দাবানলে পুড়ে
দগ্ধ হৃদয়ে প্রেমিক ক্ষমাভিক্ষা চায়
পুরুষের নিজস্বতায় আশ্রয় খোঁজে
মাতৃ জঠরেও সেও লালন পালন
কাতর মিনতি তার অজস্র আকুতি —
“প্রেয়সী পৃথিবী আমায় রক্ষা করো”

দয়াময়ী মমতায় বীজ বুনে যাই
আমারই স্বপ্নে গড়া প্রিয়তম মুখ
কিভাবে দূরে রাখি পরিত্যক্ত দ্বীপে
রক্ষার কবচ আনে পবিত্র সকাল
এভাবেই বারে বারে তোলপাড় করে
দ্বন্দ্বেও জেগে ওঠে আরেক পৃথিবী