ফিরোজ শাহ’র কবিতা
দুঃখ
ওয়েটমেশিনের ওপরে দাঁড়িয়ে আছি
আমার ওজন শূন্য দেখাচ্ছে। ব্যাটারি মেশিন সবই
ঠিকঠাক
মাটি থেকে ধীরেধীরে উপরে উঠে যাচ্ছি।
মুক্তি
আকাশ ছেড়ে
কলাপাতার ওপরে বসে একটি শালিক
ক্লান্ত ঠোঁটে
খুলে ফেলছে নিজের ডানা
কলাগাছ
শালিকের ডানা লাগিয়ে উড়ে যাচ্ছে আকাশে।
শুক্তি
সবজি খেতে গর্ত
সমুদ্রের পাশে কয়েকটি পাহাড় বানিয়ে
ইঁদুরদল
লুকিয়ে রাখে সবুজ মুক্তা
বৃষ্টি এলে
মুক্তাগুলি মাছ হয়
পার্বত্যাঞ্চল ছেড়ে নেমে যায় পাশের জলাশয়ে।
দেহান্ত
মৃত্যু কিনতে এসে
বাজার থেকে নিয়ে এসেছি কতগুলো রাত
সুইসুতায়
জোড়াতালি দিয়ে একটা পথ বানিয়ে
একা একা হেঁটে যাচ্ছি
মাঝেমধ্যে কোমর থেকে সূর্যটা বের করে
টর্চ মেরে দেখি পথের দূরত্ব।
আট্টারফুল
দেহমাটিতে
বীজের নিখুঁত বুননে গজিয়ে ওঠে চারাগাছ
চোখের স্রোতে জলখাবার
নাইট্রোজেন সারে বেড়ে যায় মাটির দৈর্ঘ্য
সূর্যের চুম্বনে
শরীরের কেসিগেইটের সামনে ফুটে আছে আট্টারফুল ।