সাত্যকি’র কবিতা

সাত্যকি’র কবিতা

বেগুনি আলোর নিচে

বেগুনি আলোর নিচে সাজিয়ে রেখেছি বক
চোখের কোলে যেখানে তরল একত্রিত হয়
সেখানে পাথর জমে আছে আগ্নেয় স্ফটিক
বিকেলের যে মেঘ সূর্যের গা ঘেঁষে
সেলফি তোলে তারই মত নিরুত্তাপ শান্ত
আবেগহীন আমি কখনও সমুদ্র দেখেনি
পাহাড়ও না শুধু মরুভূমি দেখেছি, ভীষণ উত্তাপে

ডিম ভাগ হয়ে লেগে থাকত যেভাবে, রঙিন
মায়ের হাতে আর সুতোয়, অবিকল সেই রঙে
ছুটে আসে, তাদের গায়ের থেকে নেমে আসা উত্তাপ
আমাকে বেগুনি আলোর নিচে সঙ্গ সাজাতে…

শরীর ও কুয়াশা আদল

প্রাতঃভ্রমণের ছলনায় ছুটছি
কুয়াশায় জড়িয়ে যাচ্ছে হাত-পা
মাথার উপর নামছে জল
অদৃশ্য জমাটবিহীন প্রবাহ
ছুটে যাই পথ ধরে অস্পষ্ট মুখের দিকে
হাত তুলে ধরি,হাত তারা দেখতে পায় না

কুয়াশা থেকে কুয়াশার মধ্যে হারিয়ে যেতে থাকি
বিচিত্র অদৃশ্যের নিয়মে!

ভাঙা মেঘ

ধুলো পথ আর কয়েকটা হলদে ঘাস
ছড়িয়ে আছে ক্যালসিয়ামের কিছু অংশ
আকাশ থেকে ভেঙে ভেঙে পড়েছে মেঘ

সাদা আকাশেরও জ্বর হয় মাঝে মাঝে
আমাদের মত জানলায় কাঁদে
মাঝেমধ্যে আমাদের মত গুমোট চেপে ধরে
আর রোদ

কয়েকটা মুখ বকের মত উড়ে যায়
আর নিভে আসে রাতের তারার গায়ের জল