তমিজ উদ্‌দীন লোদীর কবিতা

তমিজ উদ্‌দীন লোদীর কবিতা

পাথর সরিয়ে দাও

আমি জলজ শ্যাওলা ঘন সরোবরে ডুবে যাচ্ছি
তোমার হাতটি বাড়িয়ে দাও আমার দিকে ।
আমার চারপাশে জড়াজড়ি হয়ে আছে সূতানলী সাপ
তুমি সাপুড়ের ভঙ্গিতে নেমে আসো জলে ।

আমি রহস্যময় একটি গুহায় সেঁধিয়ে আছি
গুহামুখে পাথরের স্তূপ
আলো আটকে আছে অনাকাঙ্ক্ষিত সময়ের ভাঁজে
পাথর সরিয়ে দাও
আলো আসুক অফুরন্ত অবরুদ্ধ গুহার ভেতর ।