ব্রতী মুখোপাধ্যায়ের কবিতা

ব্রতী মুখোপাধ্যায়ের কবিতা

এক অপরূপ দগদগে ঘা

১
দিন শেষ হয়ে যাবে, রাত্রিও
রাত্রিও শেষ হয়ে যাবে
হায়!
না পাখি, না ভৈরবী

২
তুলনীয় নও
অশ্রুঝরনকথা
পড়ে নেয় নিরেট পাথরও
জনশ্রুতি উড়িয়ে দেয়া যায় না

৩
বাসনা, শূন্যের, ক্লান্তিরেখা নেই,
অনির্বাণ খিদে
তেমনটি নই, মনোরমা, হতেও পারব না

৪
যায় নি, লুকোনো, শূন্যও হাতের মুঠোয়
কবে রাখতে দিলে, ঘরদুয়ার, যা শুধু নিজের?
আকাশকে জিজ্ঞেস করো

৫
লেগে থাক চুম্বনের রেণু, ঠোঁটে ঠোঁটে,
অনির্বচনীয়
থাক জেগে গনগনে আঁচ, কস্তুরীর,
ভুবনডাঙায়

৬
বন্ধ হয়ে যায়, সবকটি বোতাম, বুকের,
সামনে এলেই
দেখাব না, কিছুতেই, অবিমৃষ্যকারী দিন,
অপরূপ দগদগে ঘা

স্পর্শমণিমুহূর্তের পথ চেয়ে চেয়ে

১
ছুঁড়ে দাও ফোটনের রেণু,�অনন্ত সবুজের কেউ মুখ গুঁজে কোথাও
অপেক্ষার ব্রত

২
ব্রতের নিয়ম নেই, কালরাত যদিও,
করতলে মুখ, জানলার বাইরে পুরনো বৃষ্টিরা
অন্ধকারও স্নানপাগল, দিব্য

৩
স্নান সারে এখনও সতের,
তুমি আছো
শিশ্নম্যাজিক নিয়ে কথা নেই
নীলসুন্দর শিখা, আগুনের, স্বপ্নসমান

৪
সমান আর সম্মান তুলাদণ্ডে রাখি�বারবার, সামনেই, �ভালোবাসি মনে এলেই দুলে ওঠে ঢেউঢেউ ভয়

৫
ভয় নেই, সত্যিই, এখনও
খিদেকাতর, বিষণ্ণও, �স্পর্শমণি মুহূর্তের পথ চেয়ে চেয়ে

৬
চেয়ে চেয়ে ভালোবাসা, অন্য কিছু না
ফোটনের রেণুগুলি জানে�অঙ্গে অঙ্গে কী রঙ্গেই, হায়,�অপেক্ষার ব্রত, হ্যাঁ বলো না বলো, তুমিও

হয়রান হয়ে যাই আমি

১
দাঁড়িও না, জানালায়, একা
বকুলের রাত্রি, কামনাকাতর,
পথে বেড়িয়েছে

২
বৃষ্টি, জোছনা ভিজিয়ে
আমায় স্পর্শ করে,
চুল শুকিয়ে নেয়

৩
ঘুমোও নি?
আমিও।
হায়!হায়! পৃথিবীও, সূর্যপ্রদক্ষিণব্রতী, সঙ্গে রয়েছে
হয়রান হয়ে যাই আমি

৪
এই তীর্থে ফিরে ফিরে আসি
ওষ্ঠ-অধর, পুরনো মদের মতো,
নীল আলো সুড়ঙ্গে নাচছে
অবগাহন শেষ হতে চায় না,
পাপ ধুয়ে যায়

৫
কষ্ট পাও, আমি যেমন পাই
না দেখতে পেয়ে?
পাওয়ার নেই তবে কিছু আর,
চাওয়ার কিছু আর নেই