তীর্থঙ্কর দাশ পুরকায়স্থের কবিতা
জননী
কোমর ভেঙে আসে, দৃষ্টি ক্ষীণ,
ক্রমশ নিভে আসে, চোখের আলো,
খানা ও খন্দেতে ঢেকেছে ত্বক,
সময়-রজ্জুতে সময়-হীন
বন্ধনের থেকে মুক্তি নেই,
কেবল পথ চলা রাত্রি-দিন,
কেবল ঘুরে মরা যুগ-দশক,
সেও তো আজ কত কাল হলো।
তবু তো শূন্যতা বুক জুড়ে
লগ্ন হয়ে আছে বৃক্ষেরা,
পাথর-গুল্ম ও নদী-সাগর,
শিশুরা খেলা করে রোদ্দুরে।
জরতী জননীর চোখ জুড়ে
তন্দ্রা ঘন হয়, জং-ধরা
পাঁজরে ঢাকা তার বুকের ধন
নেবে কি চুরি করে শত্তুরে?