রঞ্জনা রায়ের কবিতা
ঘুমায় রামধনু আকাশ
হোয়াটসঅ্যাপের মেসেজগুলো সেভ করে রাখি
সেভ করে রাখি ভালোবাসার রক্তচাপ
শব্দের পর শব্দ বুনে ভালোবাসা লেখা হয়
ইমোজির কারিগরি প্রেমের রোড ম্যাপ ।
এখন অনুভব এর সীমায় অসহ ট্রাফিক জ্যাম
মানুষের একাকীত্বে ওড়ে শূন্যতার ফানুস
যন্ত্রের বুকে ভরা থাকে চাপা দীর্ঘশ্বাস
প্রেমের কফি ব্রেকে ঘুমায় রামধনু আকাশ।
গোলাপি সত্য
মরা ইঁদুরের মত বেঁচে আছি
কুরেকুরে খায় সরীসৃপ
সবকটি উপহাসের পরেও
শরীরে জাগে যৌন স্বাদ ।
পোড়া ফসলের গন্ধ শুকে
চাঁদের স্বপ্ন দেখি
মনে হয় স্বপ্নেই বেঁচে থাকে
জীবনের সম্পদ ।
রোজ পশ্চিমের মজা রোদ্দুরে
একটি গোলাপ খুঁজি
নির্ভেজাল চুমুর অন্তরে প্রেম
গোলাপি সত্যের আমেজ।
অতিথি
নদী কে বললাম “চলো ”
বললো – “না এখন থাক”।
বৃষ্টিকে বললাম “চলো”
বললো – “সময় হয়নি” ।
ফুলকে বললাম – “চলো”
বললো – “যাবো একদিন”
সে নীরব নিস্তব্ধ হয়ে চলে গেল ঘুমের দেশে
নদী বৃষ্টি ফুল তখনই অতিথি হয়ে এলো ।
ডোরবেল বেজে ওঠে
শেষ বিকেলের সব আলো মুছে ফেলে
রাত তো আসবেই জানি
অন্ধকার আরও গাঢ় হবে
তবু ক্ষণিকের এই অবসরে
ঋকবেদের মন্ত্রের মতো সন্ধ্যা আমার ।
মন জুড়ে সন্ধ্যা নিবিড় হয় অনুভবে
একাকিত্বের ব্যথা যেন একটু সুস্থিত ।