তপনকান্তি মুখার্জিক কবিতা
মাথা
মাথার ওপর চড়ে শঙ্খলাগা রোদ ,
ফাঁকফোকরে নড়ে আবেগের ক্রোধ ।
ভাঁজে ভাঁজে দেখা যায় গোধূলি অভিমান ,
অদৃশ্য হুকে ঝোলে বিবেকের ঘ্রাণ ।
হাত
হাজার অসুরের দৃষ্টি ঠেলে হাত ,
ছায়ার অন্ধকারে ডুবে থাকে রাত ।
স্বপ্নেও হাতছোঁড়া ঘুম ঘুম চোখে ,
সব হাত জমা আছে এই পোড়া বুকে ।
বুক
অহংকারে বুক স্ফীত ছায়া দেয় লাফ ,
চোখের সামনে ভাসে হলুদ ধানিমাঠ ।
কখনও দ্বিখন্ড কখনও ত্রিভঙ্গমুরারি ,
একটু গোপন চাওয়ায় যমুনা আমারই ।
পেট
সংকোচে শুয়ে থাকি খালিপেটে রাতে ,
ঘুম ঘুম তন্দ্রায় ঘি মাখি ভাতে ।
কেউ বলে ভরাবে পেট যিনি দিয়েছেন এটি ,
‘ লাল বই ‘ ডান হাতে চেপে ধরে টুঁটি ।