মীরা মুখোপাধ্যায়ের কবিতা
উৎসর্গ
যদি বলি,আপনাকে দেখেই কুয়ো ও চাঁদের কাছে দৌড়ে গিয়েছিলাম
যদি বলি আভূমিলম্বিত, আলোয় পিছল সিঁড়ি
স্পষ্ট দেখেছিলাম আপনার উপস্থিতিতেই….
যদি বলি আমার ফেরার কোন সদিচ্ছা ছিলোনা
যদি বলি আমার নিজের মুখ
দেখে খুব ভয়, অসম্ভব অনিশ্চয়
যদি বলি কুয়ো ও চাঁদের সেই অলৌকিক ডাক
ফেলে এসে আমাদের সামান্য সংসার…..
এখানে সন্ধ্যাবেলা মেঘ ঝাঁকে ঝাঁকে
যদি বলি,বিলেটেড এই লেখা একান্ত আপনাকে
মেঘ নিয়ে
আপনার শহর থেকে প্রতিদিন মেঘ ভেসে আসে
শরতের মেঘ দেখে মনে হয়
আপনার সার্টের রঙ ঠিক এই মেঘের মতোন।
মেঘেদের বিষণ্ণতা আমি টের পাই
মাঝে মাঝে মনে হয় বলি
কেন পাঠালেন এতো দুঃখী, ভাঙাচোরা মেঘ !
আমরা তো কষ্টেই থাকি…
জ্যোৎস্না ছাড়া কিছু নেই ডালাহীন লকারে রাখার
আপনি তো জানেন…তাই
আপনার শহর থেকে মেঘ ভেসে এলে
কপালে সোনার টিপ দিয়ে পাঠাবেন
অপেক্ষা
আমার যেখানে বাড়ী তার চারপাশে
সুদীর্ঘ ঘাসের জঙ্গল
জঙ্গলের মাঝখান দিয়ে সরু একটা পথ আছে
কেউ এলে ঘাসের জঙ্গল পথ করে দেয় তাকে
অনেক বছর হলো কেউ আসে না
আমি অপেক্ষা করি।
মাঝে মধ্যে ঘাস নড়েচড়ে পথ করে দেয় কাউকে
আমি চোখ চিরে চেয়ে দেখি
কেউ না। বাতাস বয়ে যাচ্ছে
বিলি কেটে ঘাসের জঙ্গল