জহির খানের কবিতা

জহির খানের কবিতা

ধুলোর শহরে শুধুই আমি একা

এইযে মেঘ আকাশ জুড়ে আছে
জমে থাক তুমুল হাওয়ার বেগে
একটু আধটু ভালোলাগার ছায়ায়
ধুলোর শহরে শুধুই আমি একা

একটু পরেই বৃষ্টি হবে ঝিরিঝিরি
মাঠের পর মাঠ দৌড় ছাগলছানা
কানামাছি ভোঁ, দৌড়ে গোল্লাছুট

এইযে আমি বর সেজে বসেছিলাম
আষাঢ়-শ্রাবণ বরষার উঠোন জুড়ে
কনের খোঁজে মিছে মিছে গেলো
আমার এক সরষে ইলিশ যৌবন

এখন একটু আধটু টিপটিপ শব্দে
ঘুম ভাঙলে শুধুই আড়াল, দেয়াল

তবু প্রেম আমার খুন হলে পরে
হবে রক্তপাত এই শহরের বুকে

মিস ইউ

খুব কী জরুরী এখন এমন প্রস্থানে প্রিয়তু
পাঠে অপাঠে কিছু সময় থাকতেই পারতে

আজ আহ্ কী মায়ায় কায়ায়
কিছু মেঘ বুকের বাম পাশটায়
খুব করে কাতরাচ্ছে কাঁদছে
এই শাদা শূন্য রাত বিরাতে
যুগল স্রোতের পাল তাড়িয়ে

এই বেশ ভালো নেই- এখন
মুখের ব্রুন ও চোখের নিচে কালো দাগ
সেই সাথে ভালো নেই হাত ও পায়ের নখ
ভালো নেই মন খারাপ করতে নেই
ভালো নেই পাশে আছি এইসব কথালিপি
ভালো নেই ভালো নেই ভালো নেই
মনে পড়ে মনে করে যাপনের সুখ…

সরকার বা আমাদের আগামী

মধ্যবিত্ত কাঁটাবিদ্ধ চোখ স্বপ্ন দেখে
দেখে ভোরের আকাশ, দেখে জলের গহীন
দেখে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারী
এইসব দেখাদেখি বিদেশিরাও জানে!

তবু চুপচাপ সয়ে নেয় সু মহোদয়গণ
রাত শেষে দিন, শুধুই ধুলোর ওড়াউড়ি

নামে বেনামে দখল বাণিজ্য করে
একদল চাটুকার চ্যালাদের মুখ

মুখে বুলি ফুটে এই বেশ চলে দেশ, আগামী
আগামী, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হও

অতঃপর
একদিন আগামী তোমার সেবা করছে
এই স্বপ্ন দেখো আর হাত মেরে চলো…