দালান জাহানের কবিতা

দালান জাহানের কবিতা

কোথাও কেউ নেই

জলদাসের জলকষ্টে শ্বাস ভাঙে মাতা মহুরী
বিম্বিত সাহসে শহিদের মতো
পবিত্র হয় বসন্ত পাতা
চার রাস্তায় দাঁড়িয়ে অশ্রু ছাড়ে
মোড়ল বাড়ির বিধবা কুকুর
কালের গর্ভে ঢুকে সন্ধ্যার ধ্বনি
সম্মিলিত উচ্চারণ করে
কোথাও কেউ নেই কোথাও কেউ নেই।
সদ্য নাড়ি ছেঁড়া ভূমিষ্ট শিশুর
কান্নার অনুবাদে অঙ্কিত স্বর
শিল্পের শহরে ভালোবাসা নেই
পলিথিনের মতো কবিতা ওড়ে।

জলপতন

কাদায় নাক ডুবিয়ে
সেদিন সকালে দু’টো বাচ্চা এলো
বিস্ময়ে তাকিয়ে রইলো
মড়ল বাড়ির খৃষ্টান কুকুরটি।
দুঃখের জন্ম জখমে
তাদের একজনের বুকের হাড়
বেঁকে গেছে কালিবাড়ির মন্দিরের দিকে।
আরেকজনের চোখ থেকে
একশো মিটার বেরিয়ে এসেছে
মসজিদের মিনার চূড়া।
এই দৃশ্য দেখার পর থেকে
প্রতিরাতে ঘরে বসে জলপতনের শব্দ শুনি।