লিটন রাকিবের কবিতা
হাতছানি
রৌদ্রের নিজি’বতা আর ধূসর তুলির ছোঁয়া
স্পর্শ করে আমার অষ্পষ্ট স্মৃতি,
আশাবরি সকালে কিংবা নির্জন রাতেও…
ফুসফুসের প্রকোষ্ঠ থেকে বেরিয়ে আসা দীর্ঘপ্রশ্বাস
উপশিরায় পুঞ্জিভূত রক্ত অশ্রু ঘাম
তবু পিছুডাকে !
আলোর উঠোন পেরিয়ে, ফুটন্ত ভাতের মতো বৃষ্টি মেখে কোনো এক নিষ্পাপ নিরালাতে…
ফিরে পাওয়া
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও
ফিরে আসা যায়।
শুধু ফেলে আসা দিনগুলি আর
ফিরে পাওয়া যায় না!
আমি কুয়াশা ছিঁড়ে ছিঁড়ে
সবুজ পাতার বুকে এঁকে রাখি
নতুন ঠিকানা।
তানপুরার সুরে
শৃঙ্খল-বন্দী জীবন সমস্ত আবরণকে
তুচ্ছ করে অস্তিত্বর সীমারেখা থেকে মুক্তি চায়।
আলো-অন্ধকারের মাঝেই ফিরে আসে পূর্ণতা,
ভেঙে যায় শৃঙ্খলিত মৌনতা,
আর তানপুরার সুরে সাদাকালো মনে রং লাগে।