শ্যামলী দাসের কবিতা
খবর পেয়েই
খবর পেয়েছি
চৈতিবাতাস এসে দিয়ে গেছে
তোমার বিজয়-বার্তা…
একটা চাপা উল্লাস সারা মনে ছেয়ে যায়।
আনন্দটা জিইয়ে রাখতে ঘুমুতে চাইছিলাম না…
চেয়েছিলাম অনেক রাত পর্যন্ত জেগে থাকতে
যতক্ষণ না আনন্দটা শিরায় শিরায় পৌঁছে যায়
মিশে যায় প্রতিটি কলা-কোশ আর স্নায়ুতেও।
কল্পনায় হারিয়ে যেতে যেতে
কখন পৌঁছে যাই অনাকাঙ্খিত নিদ্রালোকে
ছোটো ছোটো অযুত স্বপ্নের ভিড়ে
হারিয়ে ফেলি আনন্দটাকে
যাকে আমি সারারাত জিইয়ে রাখতে চেয়েছিলাম
আমার মনের প্রতিটা কোণে…