তাপস চক্রবর্তী’র কবিতা
ঠোঁট ঠোঁট উঠোন
আজকাল ব্রহ্মের শব্দরা ছুটে গঙ্গোত্রয়ে।
ঠোঁট ঠোঁট উঠোন— উঠোনে শিমের মাচা—
মাচায় বেগুনি ফুল… টুনটুনির শিসে শিসে
শিউলিরা টুপ টাপ ঝরে মৃত্তিকায়।
যদিও সবুজ বৃক্ষে জুটে পক্ষির আলোড়ন।
লালনীল পক্ষির শরীর ছুয়ে যায়— পূবের আগুন
কক্ষে— বক্ষটুকু শুধু স্থির হয়—
ভোরের মলয়াচল।
আজকাল বত্রিশজন সাক্ষী দাঁড়ায়-
একজন মাংশাসীর বিপক্ষে
হঠাৎ শ্বেত লজ্জাবতীর মিছিল দেখি
বিমর্ষ ভীষ্মের শরশয্যায়।
চুপিচুপি বলি আমিতো কেউ নই— নই মানুষ
নই পক্ষি বৃক্ষ মৃত্তিকার ছায়াছবি
তবুও কেনো আজ ঝরে তুমুল বৃষ্টি
কেনো বাঁধো পক্ষির বুকে সংশয়?