বন্যা ব্যানার্জীর কবিতা

বন্যা ব্যানার্জীর কবিতা

ভয়

ক্রমশই হারিয়ে যাচ্ছে চেনা ঠিকানা।
পানপাতা র আড়ালে ঢাকা গোপন আলাপ।
যে মুখ তুমি আমার দিকে ফিরিয়েছো,যে শরীর!
তা তোমার নয়‌
দীর্ঘ দশ বছর পর অসুখ নেমে আসে সিলিং বেয়ে,বোবা কান্নায়।ধূলো জমা দু:খে রা লাইন ভেঙে ছুটে আসে ভয়ের ধারাপাতে।

শব্দ

ভেঙেচুরে আছি।একা।মাথার ওপর দিয়ে খসে পড়ছে গুঁড়ো গুঁড়ো কংক্রিট।নিভন্ত উনুন থেকে ছাই।শোবার ঘরের পলেস্তারা আছড়ে পড়ে একটা মেঘ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কনে দেখা বিকেল কে গাঢ় অন্ধকারে।সে রঙে সেজে উঠছে আচারের বয়েম,ফুলকাটা আসন।
হেঁসেল থেকে ভেসে আসা ফোড়নের গন্ধ।
দীর্ণ জীর্ণ এ উত্তরাধিকারে বেড়ে ওঠা বটগাছ ছাড়া এতকাল তবে কি কিছুই দেখিনি!
আজ খেয়াল হলো,আজ ই খেয়াল হলো
যখন চক্রান্তের মতো আগামী সাজিয়ে নিয়ে যাচ্ছে তার আবাসন।
এখন আমি একটা ট্যাক্সির অপেক্ষায় আছি।