শাশ্বতী সরকারের কবিতা

শাশ্বতী সরকারের কবিতা

অনুমিত

ফেলে আসা পথটা যখন দূরের থেকে দেখি,
মনে হয় এক একটা অধ্যায়,
ঠিক যেন মেঘে ঢাকা পূর্ণিমা,
কখনওবা গাঢ় অন্ধকারে অনুতপ্ত অমাবস্যা।
সবটাই আধোঘুমে আচ্ছন্ন অতীত।
তবু যখন অনাহুত আত্মীয়ের মতো
কোন একদিন তপ্ত হৃদপিণ্ডের মৃদু গোঙানি অন্দরভেদ করে নাড়া দেয়
বর্তমানের সূক্ষ্ম ছিদ্রপথে,
দূরে ঠেলে দেওয়া যায়না সময়,
দপ করে জ্বলে উঠে জানান দেয় প্রতিবাদী ভাবনায়,
ভুলতে চাইলেও ভোলা অতো সহজ নয়।
এই চড়াই উৎরাই আর পাওয়া না পাওয়ার আক্ষেপ হয়তো সেইদিন শেষ হবে,
যেদিন বাঁধনছাড়া বিন্যাসে চুল্লির ফুলকিরা অন্তরীক্ষের শরিক হবে,
আর উপলব্ধির চরম সীমায় পৌঁছে যাবে কায়াহীন জীবন,
অবশিষ্ট অনুভূতিরা চিৎকার করে বলার চেষ্টা করবে আজ হয়েছি স্বাধীন,
দাগ কাটবেনা কোন কিছুই,
অবিনশ্বর আত্মা হয়েছে শুচি
ফেলে কিছু দগ্ধ স্মৃতি আর কিছু ভুলের প্রাচীর।