দালান জাহানের কবিতা
ভয়
আজকাল ভয় হয় খুব বেশি ভয়
আকাশ দেখলে ভয় হয়
শীত দেখলে ভয়
ভয়ের আলপনা যেন ছড়িয়ে গেছে
সারা শহরময়।
আজকাল ভয় হয় খুব বেশি ভয়
রিংটোন বেজে উঠলে
বুকের ভেতর ধুকপুক করে
অজনা কী! কোন শনির শঙ্কা
জানি না কী হলো কার ঘরে
পিচঢালা চকচক কালো-কালো পথ
লিথিয়ামের সাদা আলোয় লাগে কাদাময়
আজকাল ভয় হয় খুব বেশি ভয়।
বাজারি সন্যাস
কতগুলো কালো দাঁত
হেঁটে বেড়াচ্ছে গ্রাম-শহরে
বন্যার জলে ভেসে-ভেসে ঘরে আসছে
উৎপ্রেক্ষা-অপেক্ষারা।
বাতাস বাড়ছে কেবলই বাতাস
সবুজ আপেল উড়ন্ত মানুষ
না ফেরার দেশে নামহারা পাখি।
চারদিকে দৌড় কেবলই দৌড়
বৃষ্টির রক্ত মাছেদের মা গাছের উৎসব
মৌলানা, পুরোহিত ঘাটের মাঝি
টংয়ের চা-অলা সুদখোর সন্তোষ!
শেষে করে শেষ পুনজন্মের নতুন গণিত।
বাতাস বাড়ছে কেবলই বাতাস
চার খণ্ড আকাশ মাথায় নিয়ে
তবুও কার আশায় বসে আছে
ভাগফলে ভাগশেষ করা বাজারি সন্যাস।